বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ জানিয়েছেন, শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি সব রাজনৈতিক দল এবং গণ-অভ্যুত্থানের পক্ষের সব শ্রেণি-পেশার মানুষ ৩১ ডিসেম্বর শহীদ মিনারে সমবেত হবেন। ওই দিন আওয়ামী লীগকে একটি নাৎসিবাদী সংগঠন হিসেবে অপ্রাসঙ্গিক ঘোষণা করে নতুন বাংলাদেশের নির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা প্রকাশ করা হবে।
রবিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ইতোমধ্যে ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। সকলকে সঙ্গে নিয়ে ৩১ ডিসেম্বর এ ঘোষণাপত্র পাঠ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট প্রকাশ না হওয়ায় ফ্যাসিস্টরা বিদেশে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা গণ-অভ্যুত্থানের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে। গণ-অভ্যুত্থান কেন্দ্র করে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে এবং ’৭২-এর সংবিধান যেটি জনগণ প্রত্যাখ্যান করেছে, তার দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর মুজিববাদী ’৭২-এর সংবিধানের কবর রচনা করা হবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের নির্মাণের আকাঙ্ক্ষা ঘোষণার জন্য ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মানুষের জড়ো হওয়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
নিউজ সূত্র : আমার দেশ
